প্রকাশ :: ... | ... | ...

ভূঞাপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত


সংযুক্ত ছবি

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ভূঞাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় স্বাক্ষরতার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান। সভায় বক্তারা বলেন, স্বাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একজন মানুষকে সচেতন, দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার অন্যতম মাধ্যম। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় এনে একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠায় স্বাক্ষরতার কোনো বিকল্প নেই। বক্তারা আরও বলেন, টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা ও স্বাক্ষরতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ঝরে পড়া শিশু-কিশোর ও বয়স্ক নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ , সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।