টাঙ্গাইলের ভূঞাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। ৫ অক্টোবর সোমবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ এলাকায় এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ আখতার বানু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম রেজাউল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং সংশ্লিষ্টরা অংশ নেন। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় শিক্ষকদের মর্যাদা, অধিকার, দায়িত্ব ও শিক্ষার মানোন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের অবদান অপরিসীম। শিক্ষার্থীদের সঠিক শিক্ষা ও মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের যথাযথ মর্যাদা ও পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।