টাঙ্গাইলের ভূঞাপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন খন্দকার জাহাঙ্গীর আলম হৃদয়। গত ৬ নভেম্বর (শুক্রবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে খন্দকার জাহাঙ্গীর আলম হৃদয় আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেন। সাধারণ সম্পাদক পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আঃ আলীম চকদার মাছ প্রতীক এবং সাইফুল ইসলাম বাবু মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে সভাপতি, সহ-সভাপতি ও সদস্য প্রার্থীরা তাদের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। খন্দকার জাহাঙ্গীর আলম হৃদয়ের এই বিজয়ে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সাধারণ সম্পাদকের নেতৃত্বে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের উন্নয়ন এবং ব্যবসায়ীদের পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখতে বণিক সমিতি আরও কার্যকর ভূমিকা রাখবে।