প্রকাশ :: ... | ... | ...

ভোটকেন্দ্র সরানোর উদ্যোগ, ঈশ্বরগঞ্জে এলাকাবাসীর প্রতিবাদ


সংযুক্ত ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চর-আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র অন্যত্র স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সন্ধ্যায় চর-আলগী এলাকার স্থানীয় ঈদগাহ মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায় , চর-আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভোটকেন্দ্রটি সরিয়ে নেওয়ার জন্য মাহাবুব আলম নামে এক ব্যক্তি নির্বাচন কমিশনে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের একটি টিম সরেজমিন তদন্তে এলাকায় গেলে বিষয়টি জানতে পারেন স্থানীয়রা। এরপর কেন্দ্র স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে তারা সমাবেশের আয়োজন করেন। সমাবেশে বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিস্বার্থে দীর্ঘদিনের ভোটকেন্দ্রটি সরিয়ে দুর্গম ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকায় নেওয়ার চেষ্টা করছে। এতে সাধারণ ভোটারদের ভোগান্তি বাড়ার পাশাপাশি ভোটের পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা বলেন, চর-আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রটি স্থানীয় ভোটারদের জন্য সুবিধাজনক স্থানে রয়েছে। তাই কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়া কেন্দ্রটি স্থানান্তর না করে আগের স্থানেই বহাল রাখতে হবে। কেন্দ্র পরিবর্তনের আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা রনি মিয়া। তিনি বলেন, ‘কেন্দ্র পরিবর্তনের জন্য একটি আবেদন করা হয়েছে। এ বিষয়ে সরেজমিন তদন্তও হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত নির্বাচন কমিশন গ্রহণ করবে।’ প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির, আ. আউয়াল, ইকবাল হোসেন ও সুলতান উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয়রা জানান, ভোটকেন্দ্রটি অন্যত্র সরিয়ে নেওয়া হলে বিশেষ করে দুর্গম এলাকার সাধারণ ভোটারদের ভোট দিতে নানা ধরনের সমস্যার মুখে পড়তে হতে পারে। তাই কেন্দ্রটি বর্তমান স্থানেই বহাল রাখার দাবি জানিয়েছেন তারা।