প্রকাশ :: ... | ... | ...

মহেশপুর সীমান্তে ভারতে যাওয়ার সময় দালালসহ আটক ৪


সংযুক্ত ছবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় কীটনাশক ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক দালালসহ চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বিজিবি জানায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে নতুনপাড়া বিওপির একটি দল সীমান্ত পিলার ৬৬/৭-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। নায়েব সুবেদার মো. শরীফ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ২০০ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। এদিকে, খোসালপুর বিওপির একটি টহল দল যোশপুর গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিন বাংলাদেশি নাগরিক ও এক দালালকে আটক করে। আটক দালালের নাম বিল্লাল হোসেন (৩৫)। তিনি মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা। আটক তিন বাংলাদেশি হলেন— কুমিল্লার সায়েদ আলম (২২) ও সাব্বির হোসাইন (২৩) এবং চাঁদপুরের মো. মাহমুদুল হাসান (২১)। এ সময় তাদের কাছ থেকে একটি ইজিবাইক জব্দ করা হয়। অন্যদিকে, শুক্রবার ভোরে যাদবপুর বিওপির আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে ৬৫৩ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করে বিজিবি। নায়েব সুবেদার মো. আবু বকরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বেতবাড়িয়া এলাকার একটি খেতের পাশ থেকে ওষুধগুলো উদ্ধার করা হয়। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার করা মালামাল ও ইজিবাইকসহ তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।