প্রকাশ :: ... | ... | ...

মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ


সংযুক্ত ছবি

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। আজ ১২ আগস্ট বুধবার দুপুরে রংপুর মহানগর জামায়াতের উদ্যোগে নগরের পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি সিটি বাজার, পায়রা চত্ত্বর, জাহাজ কো¤পানি মোড়, প্রেসক্লাব ও গ্র্যান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান। সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি কে এম আনোয়ারুল হক (কাজল)। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক প্রমুখ। সমাবেশে এ টি এম আজম খান বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে এমন ধারণা পাওয়া যায় যে রংপুরের মানুষ বিএনপির পরিবর্তে জাতীয় পার্টি বা জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ায় এ অঞ্চল কাঙ্খিত উন্নয়ন হয়নি। এ ধরনের বক্তব্য রংপুরবাসীর রাজনৈতিক সচেতনতা, স্বাধীন মতপ্রকাশ ও সাংবিধানিক অধিকারকে খাটো করে। কোন রাজনৈতিক দলকে ভোট দেওয়া হবে, সেটি জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। উন্নয়নের সঙ্গে রাজনৈতিক পছন্দের স¤পর্ক তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দল-মত নির্বিশেষে সব অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার ও সুষম উন্নয়ন নিশ্চিত করা সরকারের দায়িত্ব। রংপুরের দীর্ঘদিনের বৈষম্য দূর করতে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, তিস্তা মহাপরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান এ টি এম আজম খান। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ জন সংসদ সদস্য। সমাবেশ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়। একই সঙ্গে রাজনৈতিক আনুগত্যের সঙ্গে উন্নয়নকে যুক্ত না করে রংপুরের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিলে মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, অ্যাসাইনমেন্ট সেক্রেটারি মাওলানা আবদুল গনি, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গত রবিবার রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রংপুরের মানুষ রাজনৈতিক বাস্তবতা না বুঝে বারবার ভিন্ন দলকে সমর্থন করায় পিছিয়ে রয়েছে। তার দাবি, রাজনৈতিক বাস্তবতা না বুঝে জাতীয় পার্টি ও জামায়াতকে সমর্থন করায় এ অঞ্চলের মানুষ কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন। মির্জা ফখরুলের ওই বক্তব্যের পরে রংপুরের বিভিন্ন রাজনৈতিক মহলে এর পক্ষে-বিপক্ষে আলোচনা শুরু হয়। ওই বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার রাতে রংপুরে জামায়াতের ১১ জন সংসদ সদস্য সংবাদ সম্মেলন করেন। এ সময় তারা বলেন, রংপুরের মানুষ কোন রাজনৈতিক দলকে ভোট দেবেন, সেটি তাদের গণতান্ত্রিক অধিকার। উন্নয়নের সঙ্গে কোনও অঞ্চলের মানুষের রাজনৈতিক পছন্দকে শর্তযুক্ত করা যাবে না। অবিলম্বে মির্জা ফখরুলকে তার বক্তব্য প্রত্যাহার করতে বলেন জামায়াতের ১১ জন সংসদ সদস্য।