প্রকাশ :: ... | ... | ...

ময়মনসিংহ সিটি করপোরেশনে দুদকের অভিযান


সংযুক্ত ছবি

ময়মনসিংহ সিটি করপোরেশনের যন্ত্রপাতিসহ বিভিন্ন কেনাকাটায় অনিয়মের অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই ধারাবাহিকতায় সিটি করপোরেশনে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুদক। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদুক। দুদক জানায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংস্থাটির সহকারী পরিচালক মো. বুলু মিয়ার নেতৃত্বে দুদকের একটি দল ময়মনসিংহ সিটি করপোরেশনে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সিটি করপোরেশনের কয়েকটি ক্রয়সংক্রান্ত বিষয়ে সচিব সুমনা আল মজিদ ও প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের কর্মকর্তারা। এ সময় সংশ্লিষ্ট নথিপত্র ও ক্রয়সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। দুদকের সহকারী পরিচালক মো. বুলু মিয়া বলেন, সিটি করপোরেশনে ক্রয়সংক্রান্ত অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ ও বাস্তবতা যাচাই করতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বিষয়টি তদন্ত শেষে কমিশন বরাবর প্রতিবেদন দেয়া হবে। প্রসঙ্গত, গত রোববার বেসরকারি একটি টিভি চ্যানেলের এক প্রতিবেদনে ময়মনসিংহ সিটি করপোরেশনের জন্য যুক্তরাষ্ট্রের কাগজপত্র ব্যবহার করে বাস্তবে চীন থেকে যন্ত্রপাতি আমদানির মাধ্যমে প্রায় ৩০ কোটি টাকার অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়। সংবাদটি প্রচারের পরই বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধানে নামে দুদক।