প্রকাশ :: ... | ... | ...

লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে ইস্কাপ সিরাপ ও ইয়াবা জব্দ


সংযুক্ত ছবি

লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ৬৭ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ২৮৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। জব্দকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ১৩ হাজার ২০০ টাকা। বিজিবি সূত্রে জানা গেছে, ১৪ ও ১৫ অক্টোবর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বনচৌকি, গংগারহাট ও অনন্তপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির টহলদল সন্দেহজনক ব্যক্তিদের ধাওয়া করলে তারা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে হাতীবান্ধা উপজেলার বনচৌকি এলাকা থেকে ১৭ বোতল এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার হাজিটারী এলাকা থেকে ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়। এ ছাড়া ফুলবাড়ী উপজেলার উত্তর কুটি চন্দ্রখানা এলাকা থেকে ২৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ৬৭ বোতল ইস্কাপ সিরাপের সিজার মূল্য ২৬ হাজার ৮০০ টাকা এবং ইয়াবা ট্যাবলেটের মূল্য ৮৬ হাজার ৪০০ টাকা। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবির মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। আলিফ মশিউর ইসলাম