প্রকাশ :: ... | ... | ...

শিক্ষার্থীদের বিক্ষোভ, ভিসিকে লাল কার্ড


সংযুক্ত ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য বিদায়ী উপাচার্য (ভিসি) আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে দাবি আদায়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের উদ্দেশে ‘লাল কার্ড’ প্রদর্শন করেন। এতে উত্তপ্ত হয়ে উঠেছে চুয়েট ক্যাম্পাস। শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে সংবাদমাধ্যমে তার দেয়া এক বক্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে গ্রাফিতি অঙ্কন কর্মসূচিও চলেছে। গত শুক্রবার সংবাদমাধ্যমে দেয়া বক্তব্যে নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, বিক্ষোভে মাত্র ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী রয়েছেন। বেশিরভাগ শিক্ষার্থী ইতোমধ্যে ক্যাম্পাসের তালা খুলে দিয়েছেন এবং তাকে সাদরে ক্যাম্পাসে আমন্ত্রণ জানাচ্ছেন। নতুন উপাচার্যের এ বক্তব্য প্রকাশের পর শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এর প্রতিবাদে ‘প্রতীকী লাল কার্ড প্রদর্শন’ কর্মসূচি পালিত হয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের শহীদ মিনার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে ‘রেড কার্ড টু অনলাইন ভিসি’, ‘অনলাইন ভিসি, অনলাইন ভিসি, মানব না, মানব না’ স্লোগান দেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে চলমান আন্দোলন ও শিক্ষার্থীদের অবস্থান সম্পর্কে নতুন উপাচার্যের দেয়া বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এর প্রতিবাদ জানিয়েছেন তারা। অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে তাদের আন্দোলন চলবে।