প্রকাশ :: ... | ... | ...

সংগৃহীত আলামত পাঠানো হবে ফরেনসিক ল্যাবে: পুলিশ কমিশনার


সংযুক্ত ছবি

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শন করেছেন রংপুরের নবনিযুক্ত মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশিদ। পরিদর্শন শেষে তিনি বলেন, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। আলামত সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। গতকাল শুক্রবার দুপুরে পুলিশ কমিশনারের নতুন দায়িত্ব পেয়ে নিহত গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নবনিযুক্ত মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশিদ বলেন, যেকোনো ঘটনার তদন্ত একটি ধারাবাহিক প্রক্রিয়া। অনেক প্রশ্ন আসবে, এই প্রশ্নগুলোর জবাব পেশাদারিত্বের সঙ্গে খোঁজাই পুলিশের কাজ। এ জন্য সব বিষয়কে সামনে রেখেই প্রতিটি তথ্য-উপাত্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত শনিবার (২২ আগস্ট) রাতে নিজ বাসা থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) ও ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়মের (১২) মরদেহ উদ্ধার করা হয়। তাদের সবাইকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গত রোববার (২৩ আগস্ট) ভোরে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) ও বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস (১৯)।