প্রকাশ :: ... | ... | ...

সমানতালে ছুটছে মৃত্যুদূত হাম-ডেঙ্গু


সংযুক্ত ছবি

রাজধানী ঢাকাসহ সারাদেশে ক্রমেই দীর্ঘ হচ্ছে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা। একই সঙ্গে পাল্লা দিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। সারাদেশেই সমানতালে ছুটছে মৃত্যুদূত প্রাণঘাতী হাম ও ডেঙ্গু। দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও ডেঙ্গু কাড়ল ৩ শিশুসহ ৭ জনের প্রাণ। এর মধ্যে হামের উপসর্গে ৩ শিশু ও ডেঙ্গুজ্বরে ৪ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯৮৬ জনে দাঁড়িয়েছে। এদের সবাই শিশু। অপরদিকে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এডিস মশাবাহিত ডেঙ্গেুজ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১ হাজার ৪৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা দিয়েছে। এছাড়া একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৫২ জন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও ডেঙ্গু-বিষয়ক নিয়মিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। হাম-বিষয়ক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৪৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা বিভাগেই ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ে সিলেট বিভাগে হামের উপসর্গে আরও একজনের প্রাণহানি ঘটেছে। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৯৮৬ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮৮৭ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে। এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮০ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯৬৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত মোট ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৯ হাজার ৫২৭ জনের হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন ছাড়পত্র পেয়েছেন। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে বলা হয়, দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ১১১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ২৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে ঢাকার ২ সিটি করপোরেশনে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ে চট্টগ্রাম ও খুলনা বিভাগেও ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের প্রাণহানি হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সবচেয়ে বেশি (২৪৭ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা বিভাগে ২২৭ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ১৯৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৫, বরিশাল বিভাগে ১১৯, রাজশাহী বিভাগে ১০৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০১, ময়মনসিংহ বিভাগে ৮৭, রংপুর বিভাগে ২৭ এবং সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৫৬ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ১৯ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ১২, বরিশাল বিভাগে ১০, চট্টগ্রাম বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।