রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১ জুন দিন ধার্য করেছেন আদালত। ওইদিন অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম শুরু হতে পারে বলে আদালত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রোববার (২৪ মে) বিকেলে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন।
এর আগে দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তথ্য অনুযায়ী, রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৯ মে সকালে বাসা থেকে বের হলে স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজেদের কক্ষে নিয়ে যায়। পরে শিশুটিকে খুঁজতে গিয়ে তার মা আসামিদের কক্ষের সামনে রামিসার জুতা দেখতে পান। দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করেন।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্নাকে আটক করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা অপরাধের কথা স্বীকার করে। তিনি জানান, ঘটনার আগে মাদক সেবন করেছিলেন।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত শেষে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
শু/সবা
সবুজ বাংলা ডিজিটাল রিপোর্ট 























