জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি সরকারের সময়ে দেশে মব, খুন ও ধর্ষণের মতো অপরাধ বেড়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা নগরীতে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “আমরা ভেবেছিলাম নির্বাচিত সরকার এলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছিলেন মবতন্ত্রের অবসান হবে। কিন্তু বাস্তবে আমরা দেখছি মব, খুন ও ধর্ষণ আরও বেড়েছে।”
তিনি অভিযোগ করে বলেন, বিএনপি প্রশাসন পরিচালনায় ব্যর্থ হয়েছে এবং তারা কখনোই সরকার পরিচালনায় সফল ছিল না।
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে বলা হতো নির্বাচিত সরকার এলে সব সমস্যার সমাধান হবে। কিন্তু বর্তমান সরকারের আমলেও অপরাধ পরিস্থিতি উন্নতি হয়নি, বরং বেড়েছে।”
জ্বালানি ও অর্থনীতি প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, দুই বছরের জন্য বিদ্যুতের দাম না বাড়ানোর ঘোষণা থাকলেও মাত্র দুই মাসের মধ্যেই বিদ্যুৎসহ বিভিন্ন জ্বালানির দাম বাড়ানো হয়েছে, যার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ছে।
তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা সরকারের ১৭ বছরে গ্যাসের দাম যতটা বেড়েছে, বিএনপির সময়ে অল্প সময়েই তার চেয়েও বেশি বেড়েছে।
আসিফ মাহমুদ বলেন, বর্তমান সরকারের নীতিগত ব্যর্থতার সবচেয়ে বড় ভুক্তভোগী হবে সাধারণ মানুষ এবং মূল্যস্ফীতি দ্রুত বাড়ছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি আগামী স্থানীয় সরকার নির্বাচনের সব স্তরে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আগামী ডিসেম্বরের আগেই এ নির্বাচন হতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের কেন্দ্র ছিল কুমিল্লা। তাই কুমিল্লাকে এনসিপির ক্যান্টনমেন্ট বলা হয়।”
অনুষ্ঠানে এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং পরে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত অনেকে দলে যোগ দেন।
শু/সবা
সবুজ বাংলা ডিজিটাল রিপোর্ট 
























