শীতকালে শুধু ঠাণ্ডা নয়, চুলের সমস্যাও অনেক বেড়ে যায়। চুল রুক্ষ হয়ে যাওয়া, খুশকি, অতিরিক্ত চুল পড়া—এই সব সমস্যার জন্য আমাদের চুলের বাড়তি যত্ন দরকার। তবে কয়েকটি সহজ নিয়ম মেনে চললে শীতের এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব।
চুলের যত্নে কয়েকটি কার্যকর উপায়
১। কেমিক্যাল ব্যবহার বন্ধ করুন: চুলে অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার কমান। সালফেট ও প্যারাবিনমুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। শীতে অয়েল বেজড বা কন্ডিশনার বেজড শ্যাম্পু চুলের জন্য সবচেয়ে উপযোগী।
২। ময়েশ্চারাইজার ব্যবহার: শীতকালে কন্ডিশনারে পর্যাপ্ত ময়েশ্চারাইজার থাকা জরুরি। চুলের কেমিক্যাল রঙ ব্যবহার এড়িয়ে চলুন। রঙের পরিবর্তে হেনা ব্যবহার করা ভালো। বাড়িতে মেহেদি পাতা বেটে হেনাপ্যাক বানানো যেতে পারে।

৩। গরম পানি নয়, স্বাভাবিক পানি ব্যবহার করুন: মাথায় গরম পানি ব্যবহার করলে চুল আরও শুষ্ক হয়। তাই চুল ধোয়ার জন্য স্বাভাবিক পানিই ব্যবহার করুন।
৪। হিট ব্যবহার কমান: হেয়ার স্টাইল করতে হিট ব্যবহার করলে চুলের ক্ষতি হয়। স্নানের পর চুল স্বাভাবিকভাবে শুকাতে দিন।
৫। শীতে প্রতিদিন শ্যাম্পু করা নয়: প্রতিদিন শ্যাম্পু করা চুলের প্রাকৃতিক সিরাম কমিয়ে দেয়। শীতে সপ্তাহে ২বার শ্যাম্পু করা যথেষ্ট। এতে চুল থাকবে সুস্থ ও ঝলমলে।
৬। পুষ্টিকর খাবার: শীতকালে মৌসুমি ফল ও শাকসবজি বেশি খাওয়া উচিত। ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার চুলকে সুস্থ রাখে।

৭। অয়েল ম্যাসাজ: নারকেল, বাদাম ও অলিভ অয়েল মিশিয়ে তেল তৈরি করে চুল ও মাথার ত্বকে ম্যাসাজ করুন। একদিন পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ম্যাসাজ চুলকে সুস্থ ও চকচকে রাখে।
শীতকালে চুলের সঠিক যত্ন নেওয়া মানেই শুধু সুন্দর চুল নয়, স্বাস্থ্যকর মাথার ত্বকও নিশ্চিত করা। এই সহজ নিয়মগুলো মেনে চললে চুলের সমস্যা অনেকাংশেই কমানো সম্ভব।
এমআর/সবা

























