দীর্ঘ প্রায় ২০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নির্বাচনী প্রচারণায় আজ বুধবার বরিশাল আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে একনজর দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা ঐতিহাসিক বেলস পার্ক মাঠে জড়ো হতে শুরু করেছেন। কেউ কেউ ফজরের নামাজ শেষে মাঠের দখল নেন।
বুধবার দুপুর ১২টায় বেলস পার্কে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।
বাবুগঞ্জ থেকে আসা মহিলা দলের নেত্রী নাসিমা বেগম বলেন, “ভোরে ফজরের নামাজ পড়ে মাঠে এসেছি। ব্যক্তিগত চাওয়া নেই, শুধু চাই দেশটা সুন্দর হোক।” পিরোজপুরের নেছারাবাদ থেকে লঞ্চে আসা যুবদল কর্মী সাইদুল ইসলাম বলেন, “নেতা আসছেন, ঘরে থাকি কীভাবে?”
মাঠে ব্যাপক প্রস্তুতি দেখা গেছে। বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে, নারী নেতাকর্মীদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। শহরজুড়ে ব্যানার-ফেস্টুন ও তোরণে উৎসবের আমেজ বিরাজ করছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৮ সালে এই মাঠে জনসভা করেছিলেন খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছর পর একই মাঠে তারেক রহমানের আগমনকে ঘিরে দক্ষিণাঞ্চলে রাজনৈতিক উত্তেজনা ও উৎসাহ বেড়েছে।
দলীয় কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টায় হেলিকপ্টারে বরিশাল পৌঁছে দুপুরে সমাবেশে যোগ দেবেন তিনি। ১টার দিকে ফরিদপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
স্থানীয় বিএনপি নেতারা আশাবাদী, বরিশাল বিভাগের অধিকাংশ আসনে ধানের শীষের প্রার্থীরা জয়ী হবেন।
শু/সবা
























