ফরিদপুরে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এ সমাবেশে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মী-সমর্থকদের ঢল নামে। মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
ভাষণে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে এবং ফরিদপুরকে বিভাগ করলে জনগণের উপকার ও উন্নয়ন ত্বরান্বিত হলে ফরিদপুর বিভাগ গঠন করা হবে। তিনি বলেন, দেশের সব ক্ষমতার উৎস জনগণ—এই বিশ্বাস থেকেই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চায়।
নদীভাঙনের প্রসঙ্গ তুলে তিনি আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা ও সংশ্লিষ্ট নদীভাঙনের কার্যকর সমাধান করা হবে। কৃষকদের জন্য বিশেষ কৃষক কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে সহজে বীজ, সার ও কীটনাশক পাওয়া যাবে।
নারী ও শিশুদের বিষয়ে তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী—তাদের স্বাবলম্বী করতে বিএনপি ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেবে। পাশাপাশি ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথকেয়ার কর্মী নিয়োগের পরিকল্পনাও তুলে ধরেন তিনি।
একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তিনি বলেন, “এক গুপ্ত দলের নেতা মা-বোনদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে।” ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ১৯৭১ সালেও তাদের ভূমিকা ছিল কলঙ্কজনক।
দক্ষিণাঞ্চলের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরে তারেক রহমান বলেন, কৃষি, শিল্প ও কর্মসংস্থানে সুশাসন থাকলে এই অঞ্চল দেশের অর্থনীতির চালিকাশক্তি হতে পারে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ—অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও।”
জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ফরিদপুরের এই জনসমাগম প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থেকে শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করে।
শু/সবা




















