বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, তিস্তা উত্তরাঞ্চলের মানুষের নেয়ামত ও অহংকার হওয়ার কথা ছিলো। কিন্তু এখন এই তিস্তার নাম এক সাগর দুঃখ। আমরা কথা দিচ্ছি জামায়াত ক্ষমতায় এলে তিস্তাকে জীবন দেয়া হবে। এই তিস্তার মরুভূমি কঙ্কাল আর থাকবে না। তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্র বিন্দু।
বুধবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের হ্যালিপ্যাড মাঠে লালমনিরহাট ও নীলফামারী জেলা জামায়াতের আয়োজিত নির্বাচনী এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, তিস্তা থেকে হাইট্রোপাওয়ার হবে। তিস্তা নদীর পানি পুরো উত্তরবঙ্গকে উর্বর করে তুলবে এর ফলে ভালো ফলন হবে আমাদের কৃষকদের মুখে হাসি ফুটবে। নদী ভাঙ্গনের কবলে পরে আর বছরের পর বছর হাজার হাজার পরিবারকে নিঃস্ব হতে হবে না। আমরা কথা দিচ্ছি যেকোনো মূল্যের বিনিময়ে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন হবে ইন-শা-আল্লাহ।
তিনি আরও বলেন, আমরা কারো লাল চোখকে পরোয়া করবো না। আমার দেশ আগে এদেশের মানুষের স্বার্থ আগে। আমরা কারো স্বার্থে আঘাত দিবো না। কিন্তু আমাদের স্বার্থে কেউ এসে বাগরা দিবে সেটিও আমরা মেনে নিবো না। বিগত দিনে এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অনেক তালবাহানা দেখানো হয়েছে কিন্তু জামায়াত ক্ষমতায় এলে খুব দ্রুতই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। উত্তরবঙ্গের মানুষের সাথে অনেক বৈষম্য করা হয়েছে আর কোন বৈষম্য আমরা মেনে নিবো না।
এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট ও নীলফামারীর জেলার মোট ৭টি আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীরা। এছাড়াও জামায়াতের জেলা ও উপজেলাসহ ১১দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে জামায়াতের আমির ডা: শফিকুর রহমান দুই জেলার ৭টি আসনে জামায়াতের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিয়ে সবার জন্য ভোট চান।
শু/সবা



















