লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর মাদকবিরোধী অভিযানে অভিনব কৌশলে মোটরসাইকেলে লুকিয়ে রাখা ২০০ বোতল মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টা ৩৫ মিনিটে র্যাব-১৩, সদর কোম্পানি (রংপুর) এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের দক্ষিণ গোপাল রায় গ্রামে লালমনিরহাট-রংপুর মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংক ও সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো ১০০ বোতল এস্কাফ (ESKuf) এবং ১০০ বোতল ফেয়ারডিল (Fairdyl) উদ্ধার করা হয়।
এ ঘটনায় শরিফুল ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বিশেষ কৌশলে রংপুর বিভাগের বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করে আসার কথা স্বীকার করেছে।
শু/সবা



















