রাজধানীর মিরপুর ইসিবি চত্বরের এক নির্বাচনী পথসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিনি এই এলাকারই সন্তান। শৈশব থেকে এখানেই বড় হয়েছেন তিনি। এখানেই তাঁর ও তাঁর পরিবারের নানা স্মৃতি জড়িয়ে আছে। তাই এলাকার মানুষদের কাছে নিজের ঘরের সন্তান হিসেবে ধানের শীষে ভোট চেয়েছেন তিনি।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ইসিবি চত্বরে আয়োজিত পথসভার মঞ্চে ওঠেন তারেক রহমান। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে বিকেল ৩টা ৩৭ মিনিটে বক্তব্য শুরু করেন তিনি।
তারেক রহমান বলেন, “আমি এই এলাকার সন্তান। শিশু বয়স থেকে এই এলাকায় বড় হয়েছি। আমার এবং আমার ভাইয়ের সন্তানরাও এখানে জন্মগ্রহণ করেছে। আমাদের বিয়েও এই এলাকাতেই হয়েছে। তাই এখানকার সন্তান হিসেবে মা-বোন ও ভাইদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইছি।” তিনি ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে বিনীতভাবে অনুরোধ জানান।
তিনি বলেন, এটি একটি পথসভা এবং মানুষের চলাচলের রাস্তার ওপর আয়োজন করা হয়েছে। সে কারণে তিনি বক্তব্য বেশি দীর্ঘ করবেন না।
ঢাকাকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে তারেক রহমান বলেন, এমন একটি ঢাকা গড়ে তুলতে চান, যেখানে মা-বোনেরা যেকোনো সময় নিরাপদে চলাচল করতে পারবেন এবং ব্যবসা-বাণিজ্যও নির্বিঘ্নে করা যাবে।
তিনি আরও বলেন, বিএনপি যদি আগামী ১২ তারিখ সরকার গঠন করতে পারে, তাহলে ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে, যাতে তরুণ ও শিশুদের খেলাধুলার সুযোগ বাড়ে।
এ সময় ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত সড়ক প্রশস্ত করার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। বক্তব্যের শেষেও তিনি আবারও ভোটারদের কাছে ১২ তারিখে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
শু/সবা























