বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস এবং নির্বাচনের আগে জনগণকে এমন কোনো প্রতিশ্রুতি দিতে চায় না, যা মানুষের সাধ্যের বাইরে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর-১০ নম্বর সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি পথসভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা-১৫ আসনে ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের সমর্থনে আয়োজিত এ পথসভায় তারেক রহমান বলেন, বিএনপি এমন প্রতিশ্রুতি দেয় যা বাস্তবায়নযোগ্য। ‘আমরা এমন কোনো কথা বলি না, যা ইহজগতে সম্ভব নয়,’ বলেন তিনি। উল্লেখ্য, এ আসনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিএনপির ঘোষিত নির্বাচনী পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, দলের ম্যানিফেস্টোতে নারী, মা-বোন, ছাত্র সমাজ এবং বেকার জনগোষ্ঠীর জন্য বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকারও করা হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রতিটি ঘরে গৃহিণীদের কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করা হবে।
স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গে তিনি জানান, গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কেয়ার কর্মী নিয়োগ দেওয়া হবে। ঢাকা-১৫ এলাকার মানুষের চিকিৎসা সুবিধার জন্য একটি হাসপাতাল স্থাপন এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ১০০ ফিট সড়কের কাজ দ্রুত শুরু করা হবে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে আহত ও শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
এর আগে তারেক রহমান নিজ সংসদীয় এলাকা ঢাকা-১৭-এর ইসিবি চত্বর থেকে পথসভা শুরু করেন। পরে তিনি পল্লবীতে ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হকের সমর্থনে আয়োজিত পথসভায় বক্তব্য দেন। একই দিন তিনি ঢাকা-১৪ আসনের প্রার্থী সায়েদুল ইসলাম তুলির সমর্থনে শ্যামলী ও বাড্ডা সাতারকুল এলাকায় আরও কয়েকটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
সভায় বিএনপি প্রার্থীদের পাশাপাশি দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শু/সবা

























