দেশের তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং বেকারত্ব দূরীকরণে একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে। একই সঙ্গে বিদেশগামীদের জন্য দ্রুত ব্যাংকঋণের ব্যবস্থা করা হবে, যাতে তাদের জমিজমা বিক্রি করতে না হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা যেন দেশে ও বিদেশে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ পায় এবং স্বাবলম্বী হতে পারে—সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে দেশের বেকারত্ব কমানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিদেশগামী কর্মীদের দুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেন, বিদেশে যাওয়ার আগে অনেক মানুষ চরম অর্থসংকটে পড়েন। অনেক পরিবার বাধ্য হয়ে ভিটেমাটি বা জমিজমা বিক্রি করে, যা ভবিষ্যতের জন্য বড় ঝুঁকি তৈরি করে।
এই সংকট সমাধানে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে বিদেশগামীদের জন্য দ্রুত ও সহজ শর্তে ব্যাংকঋণের ব্যবস্থা করা হবে। এই ঋণের মাধ্যমে তারা বিদেশ যাওয়ার খরচ বহন করতে পারবেন এবং পরে প্রবাসে উপার্জিত অর্থ দিয়ে তা পরিশোধ করতে পারবেন।
তিনি বলেন, নির্বাচনকে ঘিরে মানুষের প্রত্যাশা অনেক বেশি। জনগণের সেই প্রত্যাশা বিবেচনায় রেখেই বিএনপি বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরছে। রাষ্ট্রক্ষমতায় গেলে ঘোষিত সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাও বিএনপির অন্যতম লক্ষ্য।
কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। তাই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা হবে। পাশাপাশি তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
স্বাস্থ্যসেবার বিষয়ে তারেক রহমান বলেন, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানজনক ভাতার ব্যবস্থা করা হবে।
বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপিরই সবচেয়ে বেশি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিগত সময়ে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে, তাই রাষ্ট্রকে নতুন করে পুনর্গঠন করা জরুরি।
বহু নির্যাতনের পরও বেগম খালেদা জিয়া দেশ ছাড়েননি উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি সবসময় জনগণের সমর্থন নিয়ে রাজনীতি করেছে এবং জনগণকে ছেড়ে কখনো পালিয়ে যায়নি।
তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট চাই। দেশ পুনর্গঠনই বিএনপির একমাত্র লক্ষ্য। দেশকে আমাদেরই গড়তে হবে—এ প্রতিজ্ঞা নিয়েই বিএনপি এগিয়ে যাচ্ছে।
শু/সবা























