ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি ফোনকলে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। বিদেশ থেকে একটি অজানা নম্বর ব্যবহার করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। হুমকির সময় অকথ্য ভাষা ও গালিগালাজ ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন এই অভিনেত্রী।
ঘটনার প্রমাণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ফোন কথোপকথনের একটি ভিডিও প্রকাশ করেছেন পরীমণি নিজেই। ভিডিওতে দেখা যায়, কিউবা থেকে কল করা একটি নম্বর ব্যবহার করে এক অজ্ঞাত ব্যক্তি তাকে সরাসরি হত্যার হুমকি দিচ্ছেন।
ভিডিওটির ক্যাপশনে পরীমণি লেখেন, ‘ভোট নিয়ে কিছু শেয়ার করা যাবে না! এরা কারা?’
একইসঙ্গে তিনি বাংলাদেশ আর্মি, সিআইডি পুলিশ ও বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজগুলো মেনশন করে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান।
এ বিষয়ে পরীমণি বলেন, ‘হুট করে একটি বিদেশি নম্বর থেকে আমাকে কল দিয়েই গালিগালাজ শুরু করা হয়। পাশাপাশি ভোট নিয়ে কিছু বলা যাবে না এবং সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করলে আমাকে হত্যা করা হবে—এমন হুমকি দেওয়া হয়।’
তিনি জানান, বিষয়টি তাকে মানসিকভাবে আতঙ্কিত করেছে এবং দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি কামনা করছেন।
এদিকে কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। পরীমণির বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি তিনি ‘গোলাপ’ শিরোনামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শু/সবা
























