আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচনি প্রচারণাকালে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “মোবাইল যেহেতু নিষিদ্ধ করা হয়েছে, তাই ভোটারদের বলবো—সনি বা ক্যাননের মতো ক্যামেরা নিয়ে ভোটকেন্দ্রে যাবেন। অনৈতিক কিছু দেখলেই ভিডিও করবেন। নির্বাচন কমিশন এমন অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিতে পারে না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং শুরু হয়ে গেছে।”
এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা একটি চিঠি দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়। ওই চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার কিংবা ভিডিপির মধ্যে শুধুমাত্র ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দু’জন আনসার সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন। অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
তবে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়টি নিয়ে এখনো ‘পুরোপুরি স্পষ্টতা নেই’ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। সোমবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া ফোনালাপে তিনি বলেন, “এই নিষেধাজ্ঞার আওতায় যদি গণমাধ্যমকর্মীরা পড়ে যান, তাহলে কমিশনাররা বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”
এদিকে মোবাইল ফোন নিষিদ্ধসংক্রান্ত নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন বাতিল না হলে আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন আবারও ‘জুলাইয়ের মতো অন্ধকার গলিপথে হাঁটছে’ এবং একটি পক্ষ পরাজয়ের আশঙ্কায় ভোট ছিনতাইয়ের চেষ্টা করছে।
ডা. শফিকুর রহমান বলেন, “যারা চোরাই পথে ক্ষমতায় যেতে চায়, তাদের হুঁশিয়ারি দিচ্ছি—কেউ যদি কেন্দ্র দখলের চেষ্টা করে, আমরা সেই পথ বন্ধ করে দেব। মানুষের রায় ছাড়া কারচুপি হলে দেশে আবারও জুলাই নেমে আসবে।” তবে তিনি স্পষ্ট করে বলেন, “আমরা বারবার জুলাই চাই না।”
শু/সবা























