ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে ভাষণটি একযোগে সম্প্রচার করা হবে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণটি মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, ভাষণে সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন। একই সঙ্গে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন।
এ ছাড়া দেশজুড়ে নির্বাচনি সামগ্রী বিতরণ, ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি বক্তব্য রাখবেন। নির্বাচনি নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন, অধিকাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ড্রোনের মাধ্যমে নজরদারি নিশ্চিত করার বিষয়টিও ভাষণে তুলে ধরা হতে পারে।
একই সঙ্গে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন সিইসি।
শু/সবা
























