মো. নাহিদ ইসলাম বলেছেন, আসিফ মাহমুদকে প্রধান আসামি করে জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর সমন্বয়কদের বিরুদ্ধে মামলা দায়েরের অপচেষ্টা করা হয়েছে। তবে আদালত মামলাটি গ্রহণ করেনি। গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে এমন অপচেষ্টা উদ্বেগজনক ও নিন্দনীয় বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বিবৃতিতে তিনি বলেন, এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন পদক্ষেপ নয়; বরং জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম এবং সেই আন্দোলনের তরুণ নেতৃত্বের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত।
নাহিদ ইসলাম বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ দেশের তরুণ প্রজন্মের সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র এবং ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের প্রতীক। এই আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের অপচেষ্টা প্রমাণ করে, পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত।”
তিনি আরও বলেন, “মামলা কিংবা ভয়ভীতির মাধ্যমে এই নেতৃত্বকে দমন করতে অপশক্তি অতীতেও ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে।”
সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের অপচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং পরাজিত অপশক্তিকে রুখতে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফ্যাসিবাদী গোষ্ঠীর যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
শু/সবা
























