শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গত ১৭ বছর দেশে নির্বাচিত সরকার ছিল না। এত দিনের জঞ্জাল এখন পরিষ্কার করতে হবে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী, ওয়াপদা, জকসিন ও মান্দারী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকারের বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। জনগণের স্বার্থ ও মঙ্গলের জন্য সরকার যে উদ্যোগগুলো নিয়েছে, সেগুলো সবার সহযোগিতায় বাস্তবায়ন করা হবে।
তিনি জানান, আগামী ১৬ মার্চ কাহারুল উপজেলার সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে পর্যায়ক্রমে সারা দেশেই এ কর্মসূচি শুরু করা হবে।
মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসনামলে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। এতে ফসল উৎপাদন দ্বিগুণ হয়েছিল এবং মাছচাষও বেড়েছিল। ফলে অনেক এলাকাকে স্বনির্ভর হিসেবে গড়ে তোলা সম্ভব হয়েছিল।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, সারা বাংলাদেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে প্রেসিডেন্ট জিয়ার সেই খাল খনন কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আবারও এগিয়ে নেওয়া হবে। এ উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় খালের জায়গা অবৈধভাবে দখল করা এবং বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান পানিসম্পদমন্ত্রী।























