জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, টালবাহানা করে সরকার জুলাই সনদকে এড়িয়ে যেতে চায়। গণভোটের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠন করতে হবে। এ নিয়ে কোনো ধরনের ছলচাতুরী দেশের মানুষ মেনে নেবে না।
শনিবার (৯ মে) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, জনগণের অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই সাংবিধানিক সংস্কার হতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শীর্ষ নেতারা প্রকাশ্যে গণভোটের পক্ষে প্রচারণা চালালেও ক্ষমতায় আসার পর তারা এর বিরোধিতা করছে। এর মাধ্যমে বিএনপি জনগণের আকাঙ্ক্ষাকেই প্রত্যাখ্যান করছে।
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আলোচনা চলবে। পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচিও অব্যাহত থাকবে। সরকার ইতিবাচক সাড়া না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন ও সারোয়ার তুষার, সংরক্ষিত আসনের এমপি ডা. মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম, দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ও তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।
শু/সবা
সবুজ বাংলা ডিজিটাল রিপোর্ট 























