তারেক রহমান বলেছেন, দুর্নীতির সঙ্গে কোনো আপস করা হবে না এবং সন্ত্রাস দমনে রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবেই সবাইকে বিবেচনা করতে হবে। সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার পুলিশ বাহিনীকে এমনভাবে গড়ে তুলতে চায়, যাতে এটি সত্যিকারের জনবান্ধব হয়। পুলিশ প্রশাসন হলো সরকারের আয়না—এ কারণে বাহিনীর প্রতিটি সদস্যের আচরণই রাষ্ট্রের ভাবমূর্তি প্রকাশ করে।
তারেক রহমান আরও বলেন, দুর্নীতি ও সন্ত্রাসের ঘটনায় রাজনৈতিক পরিচয় দেখা যাবে না; অপরাধীকে কেবল ব্যক্তিগত দায়ে বিচার করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করলে বাংলাদেশ আরও নিরাপদ, মানবিক ও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত হবে।
তিনি পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে বলেন, যেকোনো পরিস্থিতিতে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং পেশাদারিত্বের সঙ্গে কোনো আপস করা যাবে না।
পুলিশের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে সততা, মেধা ও দক্ষতাকে প্রধান ভিত্তি হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ সরকারের প্রতি কী ধারণা রাখবে, তার বড় অংশ নির্ভর করে পুলিশের ভূমিকার ওপর।
এ সময় তিনি মানবিক মূল্যবোধ রপ্ত করার ওপরও গুরুত্ব দেন এবং বলেন, পুলিশকে জনগণের আস্থার প্রতীক হতে হবে।
তারেক রহমান আরও মন্তব্য করেন, রূপপুর, টানেল ও পদ্মা সেতুর মতো বড় প্রকল্পে যদি অপ্রয়োজনীয় ব্যয় না হতো, তাহলে আরও ভালো ফল পাওয়া যেত।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 






















