জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সীমান্তে আবারও হত্যাকাণ্ড ঘটছে এবং নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। তাঁর মতে, সীমান্তে জনগণকে হত্যা করে কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব করা সম্ভব নয়।
মঙ্গলবার বিকেলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের “শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ” শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, কাঁটাতার দিয়ে কোনোভাবেই বন্ধুত্ব গড়ে ওঠে না। তিনি দাবি করেন, ভবিষ্যতে সেই দেশের জনগণই এসব কাঁটাতার তুলে ফেলবে এবং বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সীমান্ত রক্ষা করা সরকারের দায়িত্ব। তবে সরকার ব্যর্থ হলে জনগণ নিজেই সেই দায়িত্ব নিতে বাধ্য হবে। একই সঙ্গে তিনি দেশের নদীর ন্যায্য পানির হিস্যা আদায়ের বিষয়েও সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, সীমান্ত ও জাতীয় স্বার্থ রক্ষায় সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে এবং জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।
এছাড়া তিনি শাপলা গণহত্যা প্রসঙ্গে বলেন, বিচার না হওয়ার কারণে পরবর্তী সময়ে আরও সহিংসতার পরিবেশ তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, এসব ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 
























