ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টি মোট ৫ লাখ ৫ হাজার টাকা ব্যয় করেছে বলে নির্বাচন কমিশনে জমা দেওয়া হিসাব প্রতিবেদনে জানিয়েছে দলটি।
বুধবার (১৩ মে) দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের-এর পক্ষে নির্বাচন কমিশনে এই ব্যয়ের হিসাব জমা দেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া।
জমা দেওয়া হিসাব অনুযায়ী, সদ্য সমাপ্ত নির্বাচনে জাতীয় পার্টির হয়ে মোট ১৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে দলীয়ভাবে প্রার্থীদের ব্যক্তিগত প্রচারণার জন্য কোনো বিশেষ অর্থ বরাদ্দ দেওয়া হয়নি বলে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নির্বাচনী প্রচারণার জন্য দলটি ব্যয় করেছে ৩ লাখ ২৫ হাজার টাকা। এছাড়া জনসভা আয়োজন বাবদ খরচ হয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা এবং নির্বাচনী কার্যক্রম পরিচালনায় স্টাফ খরচ হিসেবে ব্যয় হয়েছে আরও ৬৫ হাজার টাকা।
জাতীয় পার্টি আরও জানিয়েছে, নির্বাচনী সব ধরনের আর্থিক লেনদেন প্রাইম ব্যাংক পিএলসি-এর বনানী শাখার একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ওই হিসাবে ৩৮ হাজার ৫০০ টাকা জমা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সবুজ বাংলা অনলাইন 
























