ভারতশাসিত জম্মু ও কাশ্মীর-এর পুঞ্চ জেলার সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীর থেকে অনুপ্রবেশের চেষ্টা হলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে এবং এতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার (১২ মে) পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর এই ঘটনা ঘটে।
ভারতীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, পুঞ্চের কৃষ্ণা ঘাটি ফরোয়ার্ড এলাকায় দায়িত্বরত সেনারা পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীর থেকে আসা সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের শনাক্ত করে। পরে তাদের চ্যালেঞ্জ করা হলে গোলাগুলি শুরু হয়।
ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক পোস্টে জানায়, নিয়মিত নজরদারির সময় নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় ভূখণ্ডের প্রায় ৩০০ মিটার ভেতরে সন্দেহজনক চলাচল দেখা যায়।
সেনাবাহিনীর দাবি, দ্রুত অভিযান চালিয়ে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা হয়েছে এবং একজনকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে। একই সঙ্গে পুরো এলাকায় অভিযান অব্যাহত রয়েছে এবং সর্বোচ্চ সতর্কতা জারি রাখা হয়েছে।
ভারতীয় সূত্রগুলোর দাবি, নিহত ব্যক্তি লস্কর-ই-তৈয়বা-এর সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।
শু/সবা
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 























