ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রাজাবাজার এলাকায় জুমার নামাজকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। রাস্তায় নামাজ আদায়কে ঘিরে মুসল্লিদের একাংশের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
শুক্রবার (১৫ মে) জুমার নামাজের সময় রাজাবাজার ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, কিছু মুসল্লি রাস্তার ওপর নামাজ আদায় শুরু করলে পুলিশ বাধা দেয়। এ সময় কয়েকজন যুবক পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং রাস্তাতেই নামাজ আদায়ের অবস্থানে অনড় থাকেন।
পুলিশ সূত্র জানায়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত হন। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়।
একপর্যায়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনাকে কেন্দ্র করে মুসলিম অধ্যুষিত রাজাবাজার এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ব্যস্ত সড়কে নামাজ আদায়ের কারণে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এলাকায় অতিরিক্ত নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
শু/সবা
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 





















