ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ইসলাম শান্তির ধর্ম এবং বিশ্বজুড়ে মুসলমানরা শান্তিপূর্ণভাবে নিজেদের ধর্মীয় বিধিবিধান পালন করে আসছে। তবে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মুসলমানরা নিজ ভূখণ্ডেই নিরাপত্তাহীনতায় ভুগছেন।
শুক্রবার (১৫ মে) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত মাসিক সভায় তিনি এসব কথা বলেন।
আহমদ আবদুল কাইয়ূম বলেন, পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন হিন্দুত্ববাদের উগ্রতার বহিঃপ্রকাশ। নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকেই নাগরিকত্ব বাতিলসহ মুসলিমবিরোধী কর্মকাণ্ড শুরু হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, ভারতের বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর নির্যাতন চালানো হচ্ছে এবং পশ্চিমবঙ্গের মসজিদগুলোতে নামাজ পড়তেও বাধা দেওয়া হচ্ছে। মসজিদের মতো পবিত্র স্থানকে রণাঙ্গনে পরিণত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নগর সভাপতি দাবি করেন, মানবতাবিরোধী এসব কর্মকাণ্ড বন্ধে জাতিসংঘকে কার্যকর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি মুসলিম বিশ্বের নেতাদেরও নরেন্দ্র মোদির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। ওআইসির সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে ভারতে মুসলিম নির্যাতন বন্ধে বাস্তব পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি।
সভায় ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার সঞ্চালনা করেন। এতে আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলামসহ অন্যান্য নেতারা।
সবুজ বাংলা ডিজিটাল রিপোর্ট 
























