যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো ইরানের সংশোধিত প্রস্তাব ফাঁস হয়েছে বলে দাবি করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া। সোমবার (১৮ মে) প্রকাশিত প্রতিবেদনে প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরান শর্তসাপেক্ষে তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় পাঠাতে রাজি হয়েছে। তবে তেহরান স্পষ্ট জানিয়েছে, ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে নয়, বরং রাশিয়ার কাছেই পাঠানো হবে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হবে। কিন্তু নতুন প্রস্তাবে ইরান সেই অবস্থানের বিপরীতে বিকল্প প্রস্তাব দিয়েছে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ইরান দীর্ঘ সময়ের জন্য তাদের পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখতে প্রস্তুত থাকলেও স্থায়ীভাবে তা বন্ধ করতে রাজি নয়। অথচ যুক্তরাষ্ট্রের অবস্থান হলো—ইরানকে পুরোপুরি পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে হবে।
এছাড়া সংশোধিত প্রস্তাবে তেহরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো আর্থিক ক্ষতিপূরণ দাবি করবে না। এর পরিবর্তে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বিভিন্ন ক্ষেত্রে ছাড় চাওয়া হয়েছে।
ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ–এর বরাতে জানা গেছে, ইরান ১৪ দফার একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে। যার মূল উদ্দেশ্য যুদ্ধ বন্ধ করা এবং যুক্তরাষ্ট্রের আস্থা অর্জন করা।
এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে ইরান সফরে রয়েছেন। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তিনি তেহরানে যান এবং তার সফরের মেয়াদ ইতোমধ্যে তৃতীয়বারের মতো বাড়ানো হয়েছে। এর মধ্যেই ইরানের নতুন প্রস্তাবের তথ্য সামনে এলো।
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 






















