শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িত দেশীয় খুনিদের চিহ্নিত করা, পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে।
শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ওসমান হাদির সমাধিস্থলের সামনের সড়কে গিয়ে শেষ হয়।
সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার তিন মাস পার হলেও এখনো ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে কোনো সুস্পষ্ট রূপরেখা উপস্থাপন করতে পারেনি।
তিনি বলেন, সরকার বারবার বলছে হত্যাকারীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। কিন্তু এই প্রক্রিয়া কতদিন চলবে, সে বিষয়ে জনগণ স্পষ্ট জবাব চায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে আবদুল্লাহ আল জাবের বলেন, ওই বক্তব্যের সত্যতা যাচাইয়ে সরকারের উদ্যোগ নেওয়া উচিত ছিল। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় হতাশা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চ আর কোনো নতুন আলটিমেটাম দিতে চায় না। এখন সরকারের পক্ষ থেকেই হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত নিয়ে সুস্পষ্ট অবস্থান জানাতে হবে।
আবদুল্লাহ আল জাবের সরকারের কাছে আগামী সাত দিনের মধ্যে দুটি বিষয়ে পরিষ্কার বক্তব্য দাবি করেন। প্রথমত, জাতিসংঘের অধীনে সম্ভাব্য তদন্তের অগ্রগতি সম্পর্কে সরকারকে জানাতে হবে। দ্বিতীয়ত, হত্যাকাণ্ডে কোনো আন্তর্জাতিক বা আন্তঃসীমান্ত যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের উদ্যোগ নিতে হবে।
সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী শুক্রবারের মধ্যে সরকার যদি হত্যাকারীদের গ্রেপ্তার, বিচার বা তদন্তের অগ্রগতি নিয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে না পারে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
বিক্ষোভকারীরা দ্রুত বিচার নিশ্চিত করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান।
সবুজ বাংলা ডিজিটাল রিপোর্ট 























