টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বহিষ্কারপত্রে এ তথ্য জানানো হয়। পরে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
বহিষ্কারপত্রে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং বিভিন্ন অনৈতিক কার্যকলাপের অভিযোগে খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে বিএনপির প্রাথমিক সদস্যপদ এবং গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলমান ফুটবল বিশ্বকাপে জাপানের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলের জয়ের পর খন্দকার আমিনুর ইসলাম মিন্টু থ্রি-পিস পরে নেচে বিজয় উদ্যাপন করেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
তবে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বলেন, “শুধু ভাইরাল ভিডিওর কারণে নয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
টাঙ্গাইল প্রতিনিধি: 





















