সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, কর্পোরেট নেতৃত্ব বিকাশ এবং সমসাময়িক কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা সরকারি তিতুমীর কলেজ ক্যারিয়ার ক্লাব (Govt. Titumir College Career Club – GTC-CC)-এর ২০২৬–২৭ সেশনের নতুন কার্যনির্বাহী ও উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ৪ জুলাই ২০২৬ ক্লাবের মডারেটর ও সদ্যবিদায়ী কার্যনির্বাহী কমিটির যৌথ স্বাক্ষরে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. বায়েজিদ খন্দকার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সজীব খান। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আর্নি সাবা। নবগঠিত কমিটি আগামী এক বছর ক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার গঠনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তোলাই হবে তাদের প্রধান লক্ষ্য।
একই সঙ্গে ক্লাবের কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে চার সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা ও ক্লাবের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ শফিকুল আলম সিদ্দিক। এছাড়া সদ্যবিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. জাহিদ হাসান, সহ-সভাপতি জাফরিন আলম জেনেভা এবং সাধারণ সম্পাদক ফারদিন ইসলাম জিম উপদেষ্টা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, “আমাদের মূল লক্ষ্য সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের কর্পোরেট ও সমসাময়িক চাকরির বাজারের জন্য দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলা। নতুন সেশনে আরও মানসম্মত কর্মশালা, সেমিনার, ক্যারিয়ার ফেয়ার এবং দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন আয়োজনের মাধ্যমে আমরা আমাদের ক্লাবের স্লোগান— ‘Be the Leader of Your Path’—এর যথার্থতা প্রমাণে বদ্ধপরিকর।”
নতুন কমিটির প্রতি শুভকামনা জানিয়েছেন ক্লাবের মডারেটর, প্রতিষ্ঠাতা ও উপদেষ্টারা। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং কর্মজীবনের প্রস্তুতিতে আরও কার্যকর ও সুদূরপ্রসারী ভূমিকা পালন করবে।
শু/সবা
অহনা পোদ্দার, সরকারি তিতুমীর কলেজ প্রতিনিধি 
























