একদিনের ব্যবধানে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে করে ভালো মানের সোনার দাম বেড়ে ১ লাখ ৯৮ হাজার টাকা ছাড়িয়ে গেছে।
শুক্রবার ( ২৭ নভেম্বর) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আজ সকাল ৯ টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। গতকাল এ দাম ছিল এক লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা।