কোরিয়ান মার্ট বাংলাদেশের ৩ কোটি টাকার কর ফাঁকি উদঘাটন

এসএম দেলোয়ার হোসেন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

অনলাইনভিত্তিক প্রসাধনী সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠান কোরিয়ান মার্ট বাংলাদেশের ৩ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকার মূল্য সংযোজন কর ফাঁকি উদঘাটন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)। বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)-এর কমিশনারের নির্দেশনা ও পল্লবী বিভাগীয় কর্মকর্তার তত্ত্বাবধানে গত ২১ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটিতে নিবারক কার্যক্রম পরিচালনা করা হয়। পল্লবী বিভাগীয় দপ্তরের আওতাধীন কোরিয়ান মার্ট বাংলাদেশ (বাড়ি নং-৩৪, রোড নং-৩, ব্লক-ডি, বিআইএন নং-০০৭৫৩৪৫১৪-০৪০১) নামের প্রতিষ্ঠানটিতে মূসক-১২.১ প্রদর্শনপূর্বক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটির ল্যাপটপ, কম্পিউটার, কুরিয়ার সার্ভিসের তথ্য, নিজস্ব সফটওয়্যার ব্যবস্থা এবং অন্যান্য দলিলাদি পর্যালোচনায় মূল্য সংযোজন কর ফাঁকির সুস্পষ্ট তথ্য পাওয়া যায়।

এনবিআর জানায়, অধিকতর যাচাইয়ের জন্য মূসক-১২.৩ জারির মাধ্যমে ল্যাপটপ, কম্পিউটার ও অন্যান্য দলিলাদির তথ্য পেনড্রাইভে সংরক্ষণ করে জব্দ করা হয়। জব্দকৃত দলিলাদি যাচাই করে প্রতিষ্ঠানটির ৪৬ কোটি ৭৩ লাখ ৬৩ হাজার ৬৪৭ টাকার নিয়মবহির্ভূত বিক্রয় তথ্য পাওয়া যায়। এসব বিক্রয়ের বিপরীতে ফাঁকিকৃত মূসকের পরিমাণ ৩ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকা বলে প্রাথমিকভাবে উদঘাটন করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে এনবিআর।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL