ধানমন্ডির আনাম-র‌্যাংগস প্লাজার পূরবী জুয়েলার্সে দুঃসাহসিক চুরি

এসএম দেলোয়ার হোসেন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পূরবী জুয়েলার্সের ভেতরে স্বর্ণালঙ্কার চুরির পর এলোমেলো পড়ে আছে গহনা সাজানোর শোকেস। ছবিঃ সবুজ বাংলা ছবি:
পূরবী জুয়েলার্সের ভেতরে স্বর্ণালঙ্কার চুরির পর এলোমেলো পড়ে আছে গহনা সাজানোর শোকেস। ছবিঃ সবুজ বাংলা

★ ‘১৮০০ ভরি স্বর্ণ’ লুট
★ নিরাপত্তা কর্মীসহ গ্রেফতার ৪

 

রাজধানীর ধানমন্ডির ৬/এ সড়কের আনাম-র‌্যাংগস্ প্লাজার কঠোর নিরাপত্তার মধ্যেও পূরবী জুয়েলার্সে দুঃসাহসিক স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ দুর্বৃত্তরা নিরাপত্তাকর্মীদের মোরগ-পোলাও খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে পূরবী জুয়েলার্স দোকান থেকে প্রায় ১ হাজার ৮০০ ভরি স্বর্ণ লুট করেছে বলে দাবি করেছেন দোকানটির মালিক অমিত ঘোষ। এ ছাড়া রুপা ও হীরার গয়না মিলিয়ে মোট লুট হওয়া অলংকারের পরিমাণ প্রায় ২ হাজার ভরি। দোকান থেকে নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জুয়েলার্সের মালিক অমিত ঘোষ ধানমন্ডি থানায় মামলা করেছেন। খবর পেয়ে পুলিশ ও সিআইডি'র ক্রাইম সিন ইউনিট, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন শেষে সিসিটিভি'র ফুটেজ সংগ্রহ  ও বেশকিছু আলামত জব্দ করে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করছে। এ ঘটনায় নিরাপত্তা কর্মীসহ ৪ জনকে গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের দেওয়া প্রাথমিক তথ্য যাচাই-বাছাইসহ জড়িত মূল হোতাসহ অন্যান্যদের শনাক্তকরণ ও গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ। 

পুলিশ জানায়, ঘটনার পর অভিযান চালিয়ে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন সংশ্লিষ্ট নিরাপত্তা কোম্পানির কর্মী। তবে ঘটনার মূল অভিযুক্ত এখনও পলাতক। তাকে গ্রেফতারে ঢাকাসহ বিভিন্ন স্থানে পুলিশের দুটি দল অভিযান চালাচ্ছে। পুলিশ আরও জানায়, ঘটনার পাঁচ দিন আগে জুয়েলার্স কর্তৃপক্ষ একজন নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছিল। তবে তার কাছ থেকে জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়নি। ওই নিরাপত্তাকর্মীই চুরির ঘটনায় মূল ভূমিকা রেখেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের প্রাথমিক ধারণা, নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে অচেতন করার পর চুরির ঘটনা ঘটানো হয়েছে। দোকান কর্তৃপক্ষের অভিযোগ, চুরির আগে নিরাপত্তাকর্মীদের মোরগ-পোলাওয়ের সঙ্গে কিছু খাওয়ানো হয়েছিল। এ ঘটনায় দোকান ও মার্কেটের নিরাপত্তাকর্মীদের যোগসাজশ রয়েছে বলে সন্দেহ করছে তারা।

পূরবী জুয়েলার্সের সিনিয়র সেলস এক্সিকিউটিভ সনজিৎ শীল জানান, রাত ২টার দিকে চুরির ঘটনা ঘটে। এরপর থেকে তিন নিরাপত্তাকর্মীর কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের একজন মার্শাল সিকিউরিটি কোম্পানির মাধ্যমে নিয়োজিত জুয়েলার্সের নিজস্ব নিরাপত্তাকর্মী। অন্য দুজন মার্কেটের নিরাপত্তাকর্মী। তিনি বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া সেখানে আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি ছিল। ফুটেজে দেখা যায়, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সহযোগিতা করেন। ভেতরে ঢুকেই দুর্বৃত্তদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন এক নিরাপত্তাকর্মীর মূল পরিচয়পত্রও উদ্ধার করে তদন্তকারীদের কাছে দেওয়া হয়েছে।

জুয়েলার্সের আরেক বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ বলেন, কয়েক বছর আগেও একই কৌশলে চুরির চেষ্টা করা হয়েছিল। তখন নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাওয়ানো হয়। একজন অচেতন হয়ে পড়লেও বিষয়টি মালিকের নজরে আসায় সেবার চুরি করতে পারেনি দুর্বৃত্তরা। ওই ঘটনায় ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। তিনি বলেন, এবার স্বর্ণের দোকান একেবারে খালি করে ফেলেছে দুর্বৃত্তরা। কোথাও কোনও স্বর্ণ রেখে যায়নি।

মার্শাল সিকিউরিটি কোম্পানির আব্দুর রব জানান, তিনি শিফট অনুযায়ী রাতে ও দিনে দায়িত্ব পালন করেন। সকালে এসে স্বর্ণ লুটের বিষয়টি জানতে পারেন। মার্শাল সিকিউরিটি কোম্পানির সারোয়ার ও সুপারভাইজার আমিনুলকে পুলিশ নিয়ে গেছে। এ কোম্পানির নিজাম সরদার পলাতক রয়েছেন বলেও জানান তিনি।

খাবার খেয়ে অচেতন হয়ে পড়া প্রোপারটি সার্ভিসেস লিমিটেডের নিরাপত্তাকর্মী আব্দুর রহিমকে ভবনের পার্কিংয়ে পায় পুলিশ। তিনি সেখানে একটি বেঞ্চে অর্ধচেতন অবস্থায় শুয়ে ছিলেন। পুলিশকে তিনি জানান, নিরাপত্তাকর্মী সালাম ও সুপারভাইজার রিপন তাকে কলা খেতে দেন। আব্দুর রহিম আরও জানান, ঘটনার সময় তারা পার্কিংয়ে দায়িত্ব পালন করছিলেন। নিরাপত্তাকর্মী সালাম তাকে জোড়া কলা খেতে দেন। সুপারভাইজার রিপনও কলা খান। কলা খাওয়ার পর তারা অচেতন হয়ে পড়েন। এরপর কী ঘটেছে, তা আর মনে নেই।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, প্রায় ২ হাজার ভরি গয়না খোয়া গেছে। এর মধ্যে স্বর্ণ, রুপা ও হীরার অলংকার রয়েছে। এ ছাড়া দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদ নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ নভেম্বর) এ ব্যাপার ধানমন্ডি থানায় যোগাযোগ করা হলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, স্বর্ণ চুরি বা লুটের ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে। ইতোমধ্যে চারজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে সংশ্লিষ্ট নিরাপত্তা কোম্পানির একজন কর্মী রয়েছেন। তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য পর্যালোচনার পাশাপাশি  জড়িত অন্যদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে ।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় পুলিশ কাজ করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ঘটনার পর থেকে পুলিশ শপিং মলটি ঘিরে রেখেছে। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। সেখান থেকে তালা কাটার ইলেকট্রনিক পাওয়ার সাপ্লাই মেশিন, বড় রড কাটার স্ক্রু ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সিআইডি ও থানা পুলিশ।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL