বিদ্যুৎ বিতরণের আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

ঢাকা ও আশপাশের দ্রুত বর্ধনশীল শিল্প ও নগর এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন ও শক্তিশালী করতে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই অর্থে বিদ্যুৎ বিতরণ অবকাঠামোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সরবরাহ ব্যবস্থার নির্ভরযোগ্যতা, দক্ষতা ও স্থিতিশীলতা উন্নত করা হবে। বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। 

এডিবি জানিয়েছে, ‘পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর আওতায় এ অর্থায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) অধীন ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতি। এডিবির অর্থায়নে এসব সমিতির বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কের অবকাঠামোগত সক্ষমতা বাড়ানো হবে। রাজধানী ঢাকা ও এর আশপাশের দ্রুত শিল্পায়ন ও নগরায়ণের কারণে এসব এলাকায় বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ছে। ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে ভবিষ্যতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করাই প্রকল্পটির অন্যতম লক্ষ্য। প্রকল্পের আওতায় ৫২টি সাবস্টেশনে নতুন ট্রান্সফরমার স্থাপন করা হবে। এতে মোট ১ হাজার ১৫০ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার (এমভিএ) নতুন ট্রান্সফরমার সক্ষমতা যুক্ত হবে। পাশাপাশি বিদ্যমান ১২টি সাবস্টেশনের সক্ষমতা আরও ১১৫ এমভিএ বাড়ানো হবে। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কের মোট সক্ষমতা বাড়বে এবং অতিরিক্ত চাহিদা মোকাবিলায় বিতরণ ব্যবস্থার সক্ষমতা শক্তিশালী হবে।

আধুনিকায়ন হবে ২ হাজার ৬০০ কিলোমিটারের বেশি লাইন: বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কের সম্প্রসারণ ও আধুনিকায়নের আওতায় ২ হাজার ৬০০ কিলোমিটারের বেশি ওভারহেড ও ভূগর্ভস্থ বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণ বা আধুনিকায়ন করা হবে। এসব লাইনে ইনসুলেটেড কন্ডাক্টর স্থাপন করা হবে। এর মাধ্যমে বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সরবরাহ ব্যবস্থার নির্ভরযোগ্যতা ও দক্ষতা উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।

এডিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়নের ফলে ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক গ্রাহকÍউভয় শ্রেণির গ্রাহকই আরও নির্ভরযোগ্য ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহের সুবিধা পাবেন। বিশেষ করে ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চল ও দ্রুত সম্প্রসারিত নগর এলাকায় বিদ্যুতের চাহিদা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বিতরণ নেটওয়ার্কের সক্ষমতা বাড়ানো হবে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমানোর পাশাপাশি ভবিষ্যৎ চাহিদা মোকাবিলায় অবকাঠামোগত প্রস্তুতি বাড়বে। এডিবির ২০০ মিলিয়ন ডলারের এই ঋণ বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিবর্তে মূলত বিদ্যুৎ বিতরণ অবকাঠামোর সক্ষমতা ও মানোন্নয়নে ব্যয় হবে। ফলে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের মধ্যে সমন্বয় জোরদার করে গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে প্রকল্পটি ভূমিকা রাখবে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL