বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল গত নয় মাসে ১৩টি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে। এতে প্রায় ৯৩১ কোটি ২৭ লাখ টাকা মূল্যের অবৈধ চোরাচালানি মালামাল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
প্রেস ব্রিফিংয়ে ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরাইল রিজিয়নের অধীনে থাকা সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল সেক্টরের ২১১টি বিওপির সদস্যরা সীমান্তে দিনরাত ২৪ ঘণ্টা কঠোর নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছেন।
বিজিবির দেয়া তথ্যানুযায়ী, গত নয় মাসের সমন্বিত অভিযানে ১১টি পিস্তল, ৭টি এয়ার গান, ৫টি পাইপ গান ও ৬২ রাউন্ড কার্তুজ উদ্ধারের পাশাপাশি ১৯ কেজি উচ্চ বিস্ফোরক দ্রব্য এবং ১১৭টি ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। একই মেয়াদে মাদকমুক্ত সীমান্ত গড়ার লক্ষ্যে চালানো অভিযানে ৩ লাখ ১২ হাজারের বেশি পিস ইয়াবা, ১৩ হাজার ৮০৮ কেজি গাঁজা এবং ৬২ হাজার বোতলেরও বেশি বিদেশি মদসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি মাদক জব্দ করা হয়। এসব সীমান্ত অপরাধ ও চোরাচালানের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে মোট ৩০৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও পরিবেশ রক্ষায় ময়মনসিংহ অঞ্চলে নদী থেকে অবৈধ পাথর ও বালু উত্তোলন প্রতিরোধে বিজিবির বিশেষ দল অভিযান চালিয়ে প্রায় ১৬ হাজার ঘনফুট পাথর এবং সাড়ে ৭ হাজার ঘনফুট বালু জব্দ করেছে।
সরাইল রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়, সুনির্দিষ্ট দায়িত্ব ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সব ধরনের মানবিক সহায়তা কার্যক্রমও অব্যাহত রেখেছে বিজিবি।