★ রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ

সৌদি বিমানবন্দরের বিধিনিষেধে ঢাকা থেকে ৫১টি ফ্লাইট স্থগিত

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল কার্যক্রম বন্ধ করার কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী বিভিন্ন এয়ারলাইনসের ৫১টি ফ্লাইটে সরাসরি প্রভাব পড়েছে। এর মধ্যে কিছু ফ্লাইট বাতিল ও কিছু স্থগিত হয়েছে। এসব ফ্লাইটের ৫ হাজার ৪১৮ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল। সোমবার (১২ অক্টোবর) বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এর আগে গত শনিবার রাত থেকে গতকাল সোমবার বিকেল পর্যন্ত এসব ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, ৫১টি ফ্লাইটের মধ্যে সৌদি আরবের সঙ্গে সরাসরি চলাচলকারী ফ্লাইট ১২টি। বাকি ৩৯টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি, সৌদিয়া এয়ারলাইনসের ৩টি এবং রিয়াদ এয়ারের ৩টি ফ্লাইট রয়েছে। অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, সালাম এয়ারের ৩টি, ইজিপ্টএয়ারের ১টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি এবং ফ্লাইদুবাইয়ের ৫টি ফ্লাইট রয়েছে।

বেবিচকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রমের ওপর বিধিনিষেধের প্রভাব এখন শুধু সরাসরি ফ্লাইটে সীমাবদ্ধ নেই; বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসের ট্রানজিট ফ্লাইটও এর আওতায় এসেছে। এতে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে, রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর-এর কার্যক্রম বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট বাংলাদেশ সময় আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। উক্ত ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য যথাসময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হবে। ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এ পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL