বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর (এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টার) যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে পড়ায় যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টারও বেশি সময় ধরে স্থগিত ছিল সব ধরনের উড়োজাহাজ উড্ডয়ন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগ ব্যবস্থায় বিভ্রাট দেখা দেওয়ার পর স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টার দিকে দেশের সব বিমানবন্দরে ফ্লাইট স্থগিতের নির্দেশ জারি করে কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ)। পরে রাত ৮টা ১৫ মিনিটে স্থগিতাদেশ তুলে নেয় এফএএ।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর টেলিযোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে পড়া এবং পুরোনো পুরোনো নেটওয়ার্ক রাউটার ডেটা ওভারলোড হওয়ার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয়বার এমন পরিস্থিতি দেখা দিলো। এর আগে প্রথমবার এমন ঘটনা ঘটেছিল ২৫ বছর আগে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (নাইন-ইলেভেন) হামলার পর পর।
ফ্লাইট-ট্র্যাকিং পরিষেবা সংস্থা ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এ বিভ্রাটের ফলে বিমানবন্দরগুলোতে বিশৃঙ্খলা দেখা দেয়; এয়ারলাইনগুলো ১ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় এবং প্রায় ১০ হাজার ফ্লাইটের সময়সূচি পিছিয়ে দেওয়া হয়। আকাশে থাকা হাজার হাজার বিমানকে অবতরণের অনুমতি দেওয়া হলেও, মাটিতে থাকা কোনো বিমানই উড্ডয়ন করতে পারেনি। অল্প সময়ের মধ্যেই এ বিপর্যয় দ্রুত যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে কানাডা ও ইউরোপ থেকেও ফ্লাইট বাতিলের কারণ হয়ে দাঁড়ায়।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ) জানিয়েছে, এ বিভ্রাটের পেছনে কোনো সাইবার হামলার ইঙ্গিত পাওয়া যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েইন মুলিন হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের বলেন, “এখন পর্যন্ত এমন কোনো আলামত আমরা পাইনি, যার ভিত্তি বলা যায় যে আমাদের লক্ষ্য করে কোনো বিদ্বেষপূর্ণ হামলা ঘটেছে। আপাতত এটি কেবল একটি টেলিযোগাযোগ বিভ্রাট। প্রেসিডেন্টকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে।”