উখিয়ায় থার্মোজেনিক গ্যাসের অস্তিত্ব শনাক্ত, ৩১তম গ্যাসক্ষেত্র হওয়ার সম্ভাবনা

কক্সবাজার প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে নির্গত গ্যাসের আগুন টানা ১৬ দিন ধরে জ্বলছে। এরই মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্সের) পরীক্ষাগারে সংগৃহীত নমুনা বিশ্লেষণে থার্মোজেনিক গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। এতে এলাকাটিতে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা তৈরি হয়েছে।

বাপেক্সের সাবেক জেনারেল ম্যানেজার ও তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য হাওলাদার রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তার মতে, পরীক্ষায় থার্মোজেনিক গ্যাসের উপস্থিতি পাওয়ায় ইনানীতে নতুন গ্যাস ক্ষেত্রের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে।

গত ১০ নভেম্বর বাপেক্সের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ইনানীতে গ্যাস নির্গমন ও অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে। গ্যাসের চাপ, প্রবাহ ও প্রকৃতি পর্যবেক্ষণের পাশাপাশি পরবর্তী করণীয় নির্ধারণে কাজ করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

গত ২৭ অক্টোবর গভীর নলকূপ খননের সময় আনুমানিক এক হাজার ফুট গভীরে পৌঁছানোর পর ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হতে শুরু করে। একপর্যায়ে গ্যাসে আগুন ধরে যায়। পরিস্থিতি পর্যবেক্ষণ এবং গ্যাসের চাপ ও প্রবাহের ধরন বোঝার জন্য বিশেষজ্ঞদের পরামর্শে আগুনটি স্বাভাবিকভাবে জ্বলতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে জননিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা এবং কঠোর নিরাপত্তাব্যবস্থা বহাল রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ভূগর্ভস্থ গ্যাসের চাপ নিয়ন্ত্রণে রাখতে আপাতত গ্যাসের নির্গমন বন্ধ না করে আগুন জ্বলতে দেওয়া হচ্ছে, যাতে ভূগর্ভস্থ অতিরিক্ত চাপের কারণে অন্য কোথাও ফাটল দিয়ে বড় কোনো দুর্ঘটনা না ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাপেক্স ও পেট্রোবাংলার কারিগরি দল সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি আশপাশের এলাকায় গ্যাসের সম্ভাব্য মজুদ ও বাণিজ্যিক উপযোগিতা যাচাই করতে বিস্তারিত ভূতাত্ত্বিক অনুসন্ধান এবং দ্বিমাত্রিক (২ডি) সিসমিক জরিপের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL