ভারী বৃষ্টিতে ডুবেছে রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

সবুজ বাংলা ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল, সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোরের দিকে শুরু হওয়া টানা বৃষ্টিতে পল্টন, মালিবাগ, মৌচাক, কাকরাইল, নিউমার্কেট, মতিঝিলসহ বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে যান চলাচল কার্যত স্থবির হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। 

জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ নগরবাসী। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে ভোর থেকেই মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ইমার্জেন্সি রেসপন্স টিম।

মুগদা, খিলগাঁও, সবুজবাগ, গোড়ান, মানিকনগর, তালতলা, মতিঝিল, আরামবাগ, গুলিস্তান, পল্টন কালভার্ট রোড, মালিবাগ, মৌচাক ও কাকরাইলের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, সড়ক পানিতে তলিয়ে আছে। কোথাও কোথাও পানির উচ্চতা এতটাই বেশি যে রিকশা ও অন্যান্য যানবাহনের চাকা প্রায় ডুবে যাচ্ছে। ফুটপাত দিয়ে স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতার পানিতে অনেক সিএনজিচালিত অটোরিকশা ও গাড়ির ইঞ্জিন বিকল হয়ে রাস্তায় পড়ে থাকতে এবং চালকদের তা ঠেলে নিয়ে যেতে দেখা গেছে।

রিকশা ও ভ্যানচালকেরা বাড়তি ভাড়া হাঁকলেও পানি বেশি থাকায় অনেক রাস্তায় তারাও চলাচল করতে পারছেন না। বৃষ্টির কারণে সকাল থেকে রাজধানীতে যানবাহনের সংখ্যাও তুলনামূলক কম দেখা গেছে। অন্যদিকে দোকানপাটে পানি ঢুকে মালামাল নষ্টের শঙ্কায় ব্যবসায়ীরা তড়িঘড়ি করে জিনিসপত্র উঁচু জায়গায় সরিয়ে রেখেছেন।

রামপুরা এলাকার মহিমা আক্তার নামের এক ভুক্তভোগী বলেন, ‘বৃষ্টির পর রাস্তায় পানি জমে যাওয়ায় সকাল থেকেই চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। যানবাহনও স্বাভাবিক গতিতে চলতে পারছে না। ফলে অল্প দূরত্বের পথ পাড়ি দিতেও অনেক বেশি সময় লাগছে। হেঁটে যে যাব, রাস্তায় অনেক পানি থাকায় সেই অবস্থাও নেই।’

মৌচাক এলাকার পথচারী লিটন মাহমুদ বলেন, ‘রাস্তায় পানি জমে থাকায় হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে। যানজটের কারণে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি সময় লাগছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন।’

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL