মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়া সেই যুবক ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

রাজধানীর ফার্মগেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি অনুষ্ঠানে যোগ দেওয়াকে কেন্দ্র করে নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক মুহিবুল্লাহ মুবিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এই আদেশ দেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান রিমান্ডে আসামি মুহিবুল্লাহ মুবিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে বক্তব্য দেন। অন্যদিকে, মুবিনের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে তার জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়- মুবিন হেলমেট পরিহিত অবস্থায় তার মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী ভেদ করে গাড়িবহরের ভেতরে ঢুকে পড়েন। এক পর্যায়ে প্রধানমন্ত্রীর পতাকাশোভিত গাড়ির ঠিক বাঁ পাশের জানালার কাছে চলে যান। এ সময় কালো গ্লাসের জানালার কাছে এসে চলন্ত অবস্থায়ই তাকে হাত উঁচিয়ে সালাম দিতে দেখা যায়। তবে তার এই রহস্যজনক আচরণে পুলিশ তাৎক্ষণিকভাবে আটক করে তেজগাঁও থানায় নিয়ে যায়। সেখানে চলে তার জিজ্ঞাসাবাদ। আটক মুবিন বরিশালের বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক ইউনুস মাঝির ছেলে। তিনি ঢাকায় রাইড শেয়ারিংয়ের কাজ করতেন বলে জানা গেছে। 

ঘটনার দিন আটকের পর তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুনিরুজ্জামান বলেছিলেন, প্রধানমন্ত্রীর গাড়িবহর থেকে আটক মুবিনের দেহতল্লাশি করে তেমন কিছু পাওয়া যায়নি। তবে তার আচরণ ছিল রহস্যজনক। বাবুগঞ্জ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান বলেন, এ ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ বা আরও কেউ জড়িত ছিল কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। আশা করছি- রিমান্ডে মুবিনকে জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে, যা তদন্তে গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে। 

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL