নেত্রকোনায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

জয়নাল আবেদীন, ময়মনসিংহ ব্যুরো
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:

নেত্রকোনা জেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। রোববার (২০ সেপ্টেম্বর) জেলার পুলিশ সদস্যদের সঙ্গে বিশেষ কল্যাণ সভা, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ, স্মারক ফলক উন্মোচন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।

দিনের শুরুতে নেত্রকোনা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের অংশগ্রহণে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমষ্টিগত দাবি-দাওয়া ও সমস্যার কথা তুলে ধরেন।

রেঞ্জ ডিআইজি পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। এসব দাবি ও সমস্যা সমাধান এবং বাস্তবায়ন নিশ্চিত করতে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

পরে নেত্রকোনা পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।

এ সময় তিনি বলেন, মানুষের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই গাছের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। খাদ্য, বিশুদ্ধ অক্সিজেন, ছায়া ও কাঠসহ নানা প্রয়োজন মেটাতে বৃক্ষের ভূমিকা অপরিসীম। শুধু মানুষ নয়, অসংখ্য প্রাণীর জীবনও গাছের ওপর নির্ভরশীল।

তিনি বলেন, বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব। নিজের ছাত্রজীবন থেকেই গাছ লাগানোর অভ্যাসের কথা উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগানো ও তা সংরক্ষণের অঙ্গীকার করার আহ্বান জানান।

পরে রেঞ্জ ডিআইজি নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে জেলার মানচিত্রসংবলিত একটি মনুমেন্টের ফলক উন্মোচন করেন। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে একটি ফুলের চারা রোপণ করেন তিনি।

দিনব্যাপী এসব কর্মসূচিতে নেত্রকোনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL