বৃহত্তর সিলেটের রেল যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন ও যাত্রীসেবার মানোন্নয়নে আখাউড়া–সিলেট রেলপথে ডুয়েলগেজ ডাবল লাইন (Double Track) নির্মাণের দাবি জানিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম এম শাহীন।
সিলেটবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি বাস্তবায়নে শুধু বিদ্যমান রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর নয়, বরং ভবিষ্যতের যোগাযোগ চাহিদা বিবেচনায় পূর্ণাঙ্গ ডাবল লাইন নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এম এম শাহীন বলেন, বিগত সরকারের আমলে ২০১৯ সালের ৯ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আখাউড়া–সিলেট রেলপথ ডুয়েলগেজে রূপান্তরের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল প্রায় ১৬ হাজার ১০৪ কোটি টাকা। তবে বিপুল ব্যয়, প্রকল্পের উদ্দেশ্য ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে নানা প্রশ্ন ওঠে। অনিয়ম ও অর্থ অপচয়ের আশঙ্কায় প্রকল্পটির বিরোধিতাও করা হয়। পরবর্তী সময়ে প্রকল্পটির বাস্তবায়ন আর এগোয়নি।
তিনি জানান, ২০২৬ সালের জুন মাসে পুনরায় আখাউড়া–সিলেট রেলপথ ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ নেওয়ার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। তবে সিলেটবাসী এমন একটি উন্নয়ন পরিকল্পনা চায়, যা শুধু বর্তমান সময়ের চাহিদা নয়, আগামী কয়েক প্রজন্মের যোগাযোগব্যবস্থার প্রয়োজনও পূরণ করবে।
সাবেক এই সংসদ সদস্য বলেন, দেশের অর্থনীতি, পর্যটন, প্রবাসী আয় ও ব্যবসা-বাণিজ্যে বৃহত্তর সিলেটের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অথচ দীর্ঘদিন ধরে এ অঞ্চলের রেল যোগাযোগব্যবস্থা প্রত্যাশিত উন্নয়ন থেকে বঞ্চিত। ঢাকা–চট্টগ্রাম রেলপথের মতো সিলেট অঞ্চলেও আধুনিক, নিরাপদ ও অধিক সক্ষমতাসম্পন্ন ডাবল লাইন রেল যোগাযোগব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, এখনই দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করা না হলে ভবিষ্যতে ডাবল লাইন নির্মাণ আরও জটিল ও ব্যয়বহুল হয়ে উঠতে পারে। এতে যাত্রী ও পণ্য পরিবহনের ক্রমবর্ধমান চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
এম এম শাহীনের মতে, একই রেলপথে পর্যায়ক্রমে পৃথক প্রকল্প গ্রহণের পরিবর্তে শুরুতেই সমন্বিত পরিকল্পনার আওতায় ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ করা অধিক যুক্তিসংগত। এতে ভবিষ্যতে অতিরিক্ত নির্মাণব্যয় কমানোর পাশাপাশি সময় ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে ট্রেন চলাচলের সক্ষমতা, নিরাপত্তা ও গতিশীলতা বৃদ্ধি পাবে।
রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে এম এম শাহীন বলেন, বৃহত্তর সিলেটের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ বিবেচনায় আখাউড়া–সিলেট রেলপথের উন্নয়ন পরিকল্পনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুনর্বিবেচনা করা প্রয়োজন।
তিনি বলেন, ‘শুধু বর্তমানের প্রয়োজন নয়, আগামী একশ বছরের যোগাযোগ চাহিদাকে সামনে রেখে আখাউড়া–সিলেট রেলপথে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হোক।’
সিলেট অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, পর্যটনশিল্পের সম্প্রসারণ এবং যাত্রী ও পণ্য পরিবহনের সুবিধা নিশ্চিত করতে আখাউড়া–সিলেট রেলপথে যুগোপযোগী ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন সাবেক সংসদ সদস্য এম এম শাহীন।