দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য ১২টি নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে কবে নাগাদ এই কমিটি গঠিত হবে এবং কমিটিতে কাদের রাখা হবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানায়নি মন্ত্রণালয়। সম্প্রতি মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এসব নির্মূলে কার্যকর পদক্ষেপ নেয়ার সুপারিশ করে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সুপারিশ করা হয়।
এদিকে, সারাদেশে সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মোটরসাইকেল ও গাড়ি চালকদের ১২টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। সম্প্রতি বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।
নির্দেশনায় বলা হয়, মোটরসাইকেল চালক ও আরোহীকে হেলমেট এবং গাড়ির চালক ও যাত্রীদের সিট বেল্ট ব্যবহারের কথা বলা হয়েছে। মোটরসাইকেলে চালকসহ সর্বোচ্চ দুইজন চলাচল করতে পারবেন বলেও জানানো হয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার ও অহেতুক হর্ন বাজানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।
বড় ও ভারী যানবাহনের ‘ব্লাইন্ড স্পট’ সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি লেন পরিবর্তন বা মোড় নেয়ার আগে ইন্ডিকেটর ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ। এছাড়া অন্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালাতে বলা হয়েছে। কুয়াশা, বৃষ্টি বা খারাপ আবহাওয়ায় গতি কমিয়ে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দেয়া হয়েছে। ট্রাফিক জ্যাম বা অন্য চালকের ভুলের কারণে ধৈর্য না হারিয়ে মেজাজ নিয়ন্ত্রণে রাখার কথাও বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, মাদক সেবন করে, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বা উল্টো পথে গাড়ি চালানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। মহাসড়কে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করে নির্ধারিত লেন মেনে চলতে হবে। এ ছাড়া চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ যানবাহনের সব হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। নিজের ও পরিবারের সুরক্ষায় এসব নির্দেশনা মেনে চলার জন্য চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।